চৌগাছায় ‘লকডাউন’ ৩৫০ পরিবারের খাবার দেবে গ্রামবাসী

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৪

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছার চাঁদপাড়া গ্রাম স্থানীয়ভাবে লকডাউন করা হয়েছে। এ সময় গ্রামবাসীর উদ্যোগে কর্মহীন ৩৫০ পরিবারকে পর্যায়ক্রমে ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মুকুলকে সভাপতি ও চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলামকে সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি করা গঠন করা হয়। আগামী ১১ এপ্রিল পর্যন্ত গ্রামের বাইরে থেকে কেউ আসতে পারবেন না; গ্রাম থেকে কেউ বাইরেও যেতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন কমিটি। গ্রামটিতে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। ভোটার সংখ্যা ৩ হাজারেরও বেশি।

অমেদুল ইসলাম জানান, গ্রামের সচ্ছল চাকরিজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় কর্মহীন হয়ে পড়া ৩৫০ পরিবারের  মধ্যে আগামী ১০ দিনের খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।