করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভয়ংকর দিন পার করল যুক্তরাষ্ট্র ও স্পেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ২০০ ও স্পেনে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব জুড়ে আক্রান্ত ১০ লাখ ৮০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৫৮ হাজারের বেশি মানুষের। ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় সিঙ্গাপুরে এক মাসের কার্যত লকডাউন দেওয়া হয়েছে। করোনা নিয়ে মধ্যপ্রাচ্যকে কড়া সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টাই কারফিউ জারি হয়েছে। আর পাকিস্তানে জুমার নামাজ ঠেকাতে কারফিউ জারি করে সরকার। ভারতে তাবলিগ জামাতের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে
গতকাল জনস হপকিনস ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এক দিনে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ২ লাখ ৬৫ হাজারের বেশি। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে মাত্র দুই সপ্তাহে ১ কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রিউ কুওমো জানান, তার রাজ্যেই মারা গেছে ৫৬২ জন। এতে রাজ্যে মৃতের সংখ্যা ২ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের কাছ থেকে ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিত্সা সরঞ্জাম আনতে প্রয়োজনে ন্যাশনাল গার্ড ব্যবহার করবেন তিনি। এ বিষয়ে তিনি শিগগিরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের সব পক্ষকে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খারাপ পরিস্থিতি এখনো আসেনি।
এ সময়ে ইরানকে সহায়তা করা নৈতিক দায়িত্ব : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আল-জাজিরাকে বলেছেন, এ সময়ে ইরানকে সহায়তা করা আমার নৈতিক দায়িত্ব। সেজন্য ইরানি নেতাদের সহায়তা চাইতে হবে। যদিও নেতারা সহায়তা চাননি। এদিকে ডেমোক্র্যাট দলে প্রেসিডেন্ট প্রার্থীর দৌঁড়ে এগিয়ে থাকা জো বাইডেন বর্তমান মানবিক পরিস্থিতি বিবেচনা করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নৈতিকভাবে এটা করা উচিত যুক্তরাষ্ট্রের।
ভ্যাকসিন আবিষ্কারের দাবি
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটার্সবুর্গের এক দল বিজ্ঞানী প্রাণঘাতী করোনা ভাইরাসের একটি কার্যকরী ভ্যাকসিন তৈরির দাবি করেছেন। শুধু তাই নয়, ইঁদুরের শরীরে এই ভ্যাকসিনটির সফল পরীক্ষা চালানোরও দাবি করে তারা বলেছেন, ভ্যাকসিনটি প্রয়োগের পর ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ভ্যাকসিন আবিষ্কারের এই দাবি নিয়ে ই-বায়োমেডিসিন জার্নালে বৃহস্পতিবার বিজ্ঞানীদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি অব পিটার্সবুর্গের স্কুল অব মেডিসিনের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রিয়া গ্যাম্বোত্তো বলেন, আমরা খুব শিগিগরই এই ভ্যাকসিনটি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব।
সেই ক্যাপ্টেন অপসারণ
মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এমন মন্তব্য করার পর জাহাজটির কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে অপসারণ করা হয়েছে। ক্যাপ্টেন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে লেখা এক চিঠিতে মার্কিন সেনাদের মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
স্পেনে আরো মৃত্যু
জনস হপকিনস ইউনিভার্সিটি জানায়, স্পেনে এক দিনে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় ১১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। ২৪ ঘণ্টায় ব্রিটেনে আরো ৬৮৪ জনের প্রাণহানি ঘটেছে যা মহামারি শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৩ হাজার ৬০৫ জনের প্রাণহানি ঘটল। বিবিসি জানিয়েছে, দেশটিতে ২৪ ঘন্টায় দুই নার্সের মৃত্যু হয়েছে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কাল রবিবার সেটি প্রচার করা হবে।
সিঙ্গাপুরে কার্যত লকডাউন
সিঙ্গাপুরে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী টিভি ভাষণে বলেন, হাসপাতাল, খাবারের দোকানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বাড়িতে বসে কাজ করার আহ্বান জানান। দেশটিতে ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছে।
মক্কা ও মদিনায় কারফিউ
করোনার বিস্তার ঠেকাতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এই কারফিউ জারি করা হয়। সৌদি আরবে ১ হাজার ৭০০-এরও বেশি মানুষ আক্রান্ত এবং ১৬ জন মারা যাওয়ায় দেশটি এ পদক্ষেপ নেয়।
কাল রাতে আলো জ্বালানোর আহ্বান মোদির
রবিবার রাত ৯টায় ঘরের সব আলো নিভিয়ে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে একতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের বিরুদ্ধে সকলে যে একসঙ্গে লড়ছেন তা বোঝাতেই এমনটা করার কথা বলেন প্রধানমন্ত্রী। দেশটিতে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ৪৭৮ জন। একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৪৭ জন। মারা গেছে ৬২ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৩৮ জন।
উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় যে ১৫৬ জন তাবলিগ সদস্যকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, তাদের বেশ ক’জন রয়েছেন এমএমজি হাসপাতালে। তাদের কয়েক জনের বিরুদ্ধে স্থানীয় পুলিশ কোয়ারেন্টাইনের নিয়মকানুন অবজ্ঞা করা এবং হাসপাতালের নারী নার্সদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মামলার আসামি তাবলিগ সদস্যদের মানবতার শত্রু বলে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে তাদের বিচারের জন্য জাতীয় নিরাপত্তা আইন জারি করেছেন। এর অর্থ বিচার ছাড়াই তাদের কয়েক মাস আটক করে রাখা যাবে।
পাকিস্তানে কারফিউ
ভাইরাসের বিস্তার রোধে জুমার নামাজ পড়া ঠেকাতে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিন্ধুতে কারফিউ জারি করা হয়েছে। গতকাল দুপুরে তিন ঘণ্টার জন্য সেখানে কারফিউ জারি করা হয়। বিবিসি জানায়, জুমার নামাজে অংশগ্রহণের বিষয়ে সরকারি সতর্কতা জারি করে কাজ না হওয়ায় এবার কারফিউ জারি করা হয়। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের মরদেহ সমাহিত করার নিয়মে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কার সরকার। গোসল ও জানাজা ছাড়াই মরদেহ সমাহিত করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সেখানকার মুসলিম ধর্মাবলম্বীরা। শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় প্রথার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মধ্যপ্রাচ্যকে সতর্ক করল হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তাই দেশগুলোর সরকারকে বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে হু। না হলে এটা ভয়াবহ রূপ নিতে পারে। ইসরাইলে কট্টরপন্থি ইহুদিদের শহর বেনেই ব্র্যাককে সিল করে দেওয়া হয়েছে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই লাখ বাসিন্দার শহর বেনেই ব্র্যাকে সম্ভবত ৭৫ হাজার মানুষ আক্রান্ত। এরপরই শহরটি সিল করা হয়।
