ইত্তেফাক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগে নেওয়া হয়েছে।
ঢাকা জেলা প্রশাসন
গতকাল ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কড়াইল বস্তিতে ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক), ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। ত্রাণসহায়তা কার্যক্রমে রেডক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া কল সেন্টার (৩৩৩) ও ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) কলের ভিত্তিতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, রায়েরবাজার, আদাবর, বেগুনতলা, যাত্রাবাড়ী, লালবাগ ও মালিবাগ এলাকায় ১০৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ধামরাইয়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এসডিআই
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, করোনা দুর্যোগেও ঝুঁকি নিয়ে স্থানীয় সাংবাদিকরা গ্রাম থেকে গ্রামান্তরে, পথে-প্রান্তরে ঘুরে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের সম্মানে তাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। গতকাল ধামরাই প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন ও গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমানসহ সকল সাংবাদিকের উপস্থিতিতে সংস্থার পক্ষ থেকে ঐসব সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। এসডিআইয়ের নির্বাহী পরিচালক ও গুণীজন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সামছুল হক মোবাইল ফোনে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশা প্রকাশ করেন। সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন, এরিয়া ম্যানেজার আবু বকর হাজারী, এফটিসি ম্যানেজার আব্দুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন।
টঙ্গীতে প্রতিমন্ত্রী রাসেল
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, নিম্ন আয়ের মানুষের বাড়িতে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি। দরিদ্র মানুষের তালিকা ধরে তার নিজ এলাকার মানুষের মাঝে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিমন্ত্রীর নিজ এলাকা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গীর কেরানিরটেক বস্তি, কোঅপারেটিভ ব্যাংক মাঠ বস্তি, নোয়াগাঁও রেল কলোনি ও আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
দোহার ও নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের নয়া রাজপাড়া লক্ষ্মী মন্দির এলাকায় ২৫০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে দোহারের নয়াবাড়ি এলাকায় শ্রমিক ও কৃষক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মানিকগঞ্জ গাজীপুর মেয়রের পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, স্বাস্থ্যসেবীদের সুরক্ষায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগকে পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব তুলে দেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহাগ ও সৌমিত্র সরকার মনা।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সামসুদ্দিন খাঁন আবু। অপরদিকে সামাজিক সংগঠন মাতৃভূমি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সেকেরহাট চৌরাস্তা এলাকায় ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
