গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃতরা হলেন, নুরপুর দক্ষিণপাড়া গ্রামের বাদল চন্দ্র সরকারের ছেলে উৎপল চন্দ্র সরকার (১৮) ও তার মা সাধনা রানী (৪৭)। নিহত উৎপল সাদুল্লাপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পাশের পুরাণ লক্ষীপুর গ্রামের মনি মিয়া তার নুরপুর দক্ষিণপাড়াস্থ বোরো ধান ক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উৎপলকে ডেকে নিয়ে যান। অসাবধানতা বশত কীটনাশক ছিটানোর সময় ওই জমিতে ছিঁড়ে পরে থাকা বিদ্যুতের তার উৎপলের পায়ে জড়িয়ে পরে। এতে সে চিৎকার করে জমিতে পড়ে যায়। বিষয়টি দেখে পাশের ধান ক্ষেতে কর্মরত লোকজন চিৎকার শুরু করে। চিৎকার শুনে উৎপলের মা বাড়ি থেকে দৌড়ে এসে কিছু বুঝে উঠার আগেই ছেলেকে জড়িয়ে ধরেন। এতে মা ও ছেলে দুইজনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: সোশ্যালে বিতর্কিত পোস্ট, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা আত্মগোপনে
তিনি আরও জানান, ওই এলাকার জনৈক এক ইটভাটা মালিক তার নিজ বসতবাড়ীস্থ একটি মাদ্রাসা থেকে পাশেই নিজ ইট ভাটাতে অস্থায়ীভাবে এই বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। দিনের কোন এক সময়ে ওই বিদ্যুৎ সংযোগের তার সবার অগোচরে ছিঁড়ে এই জমিতে পরে ছিল। এই নিয়ে থানায় শনিবার দুপুরে মৃত উৎপলের বড় ভাই সবুজ কুমার সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে।
ইত্তেফাক/এসি
