বেতনের টাকায় অসহায়দের পাশে এএসআই মাসুদুর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অনেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ফলে খাদ্য সংকটে পড়েছে খেঁটে খাওয়া দুস্থ মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের এএসআই মাসুদুর রহমান। নিজের বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, লবণ ও সাবান কিনে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তিনি বর্তমানে রংপুরের পীরগাছা থানায় কর্মরত আছেন।

শনিবার উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের ভিক্ষুক মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

আরও পড়ুন: হাসপাতালই এখন তার আপন ঠিকানা!

এএসআই মাসুদুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি বেতনের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।

চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/বিএএফ