বিরাট আর্থিক অনুদান ইংলিশ ক্রিকেটারদের

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৫

স্পোর্টস ডেস্ক

থমকে গেছে স্বাভাবিক জীবন। গোটা বিশ্বের মতো ইংল্যান্ডও কাঁপছে করোনা ভাইরাসের প্রকোপে। ভয়াবহ বিপদে তাই এগিয়ে এসেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা অনুদান দিচ্ছেন ৫ লাখ পাউন্ড।

আসন্ন ক্ষতির কথা বিবেচনা করে ইসিবি চিন্তা করছিল, খেলোয়াড়দের বেতনের পরিমাণটা আপাতত কমিয়ে দিতে। তবে, সেটা থেকে সরে এসেছে বোর্ড। তবে, পুরুষ ক্রিকেটারদের আর্থিক সহায়তার একটি অংশ পাবে ক্রিকেট বোর্ড।

সরাসরি পারিশ্রমিক না কমিয়ে তারা নিজেদের আয়ের কিছু অর্থ ফিরিয়ে দিচ্ছেন বোর্ডকে। খেলা বন্ধ থাকায় ও সামনের নানা সিরিজ-টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকায় আর্থিক সংকটের এই সময়ে এভাবেই বোর্ডের পাশে দাঁড়ালেন ক্রিকেটাররা। অন্যদিকে, পারিশ্রমিক কম নিতে সম্মত হয়ে বোর্ডের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাশাপাশি অনুদানের একটি অংশ দেওয়া হবে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানগুলো ঠিক করবেন ক্রিকেটাররাই।

সব মিলিয়ে এই অনুদানের পরিমাণ তাদের তিন মাসের বেতন ২০ শতাংশ কম নেওয়ার সমপরিমাণ। টেস্ট অধিনায়ক জো রুট ও সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মর্গ্যানের সঙ্গে অন্য ক্রিকেটারের আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ক্রিকেটাররা জানিয়েছেন, এটি তাদের প্রাথমিক অবদান। সামনে আরো ভূমিকা রাখার উপায় নিয়ে ভাববেন ও বোর্ডের সঙ্গে আলোচনা করবেন।

নারী ক্রিকেটাররা অবশ্য সরাসরিই পারিশ্রমিক কম নিতে সম্মত হয়েছেন। তিন মাসের বেতন কম নেবেন তারা। এর আগে নারী দলের কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরাও বেতন কম নিতে সম্মত হয়েছিলেন। ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট এর মধ্যেই নিবন্ধন করেছেন দেশের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের স্বেচ্ছাসেবী হিসেবে। সম্মিলিতভাবে অবদান রাখার পাশাপাশি ইংলিশ ক্রিকেটারদের অনেকে ব্যক্তিগতভাবে চালিয়ে যাচ্ছেন নানা উদ্যোগ। উইকেটরক্ষক জশ বাটলার নিলামে তুলেছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের জার্সি। জার্সিটির জন্য আকাশচুম্বি দামও হাঁকিয়েছেন নিলামে অংশগ্রহণকারীরা।

ক্যারিয়ারের স্মরণীয় কিছু ক্রিকেটীয় সরঞ্জাম নিলামে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান ও ইংল্যান্ডের সাবেক এই দুই পেসার ওয়াসিম আকরাম ও ড্যারেন গফ। কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলানথ্রপি নামের একটি। টেস্ট ও ওয়ানডে সংস্করণে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি আকরাম তার স্বাক্ষরিত একটি বল ও ব্যাট দেওয়ার অঙ্গীকার করেছেন। স্বাক্ষর করা একটি বল দিবেন ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি গফ।