স্পোর্টস ডেস্ক
দলবদলের মৌসুমে রীতিমতো ‘হট কেক’-এ পরিণত হয়েছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের পেছনে ছুটছে এখন তিনটি শীর্ষ ইউরোপিয়ান ক্লাব। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দৌড়ে আছে দুই ইংলিশ ক্লাব—চেলসি ও ম্যানচেস্টার সিটি।
গেল মৌসুমে সিরি ‘এ’-তে ইন্টারমিলানের জার্সিতে করেছেন ১৬ গোল। ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে ১১টি ও বাকি ৫ গোল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ২২ বছর বয়সি এই স্ট্রাইকারকে আগামী মৌসুমে দলে ভেড়াতে মরিয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
করোনা ভাইরাসের প্রকোপে বার্সেলোনা এই মুহূর্তে বড়ো অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে। এরপরও লাউতারো পাওয়ার ক্ষেত্রে কোনোরকম কার্পণ্য করতে নারাজ ক্লাবটি। বড়ো প্রস্তাবই দেওয়া হয়েছে তাকে। পাঁচ বছর মেয়াদে তিনি বার্সেলোনায় যোগ দিলেন প্রতি বছর বেতন বাবদই পাবেন সাত মিলিয়ন ইউরো। এমনটা জানাচ্ছে খেলাধুলা বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
নেইমারকে পাওয়ার আশা এখনো ছাড়েনি বার্সেলোনা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই ফরোয়ার্ডকে পাওয়ার জন্য বার্সা এই ‘আকালের’ দিনেও ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আছে।
যদিও, কাতালান ক্লাবটির মূল চ্যালেঞ্জ এখন ইন্টারমিলানকে রাজি করা। এখানেই শেষ নয়, লাউতারোকে পেতে ১১ মিলিয়ন ইউরোর রিলিজ ফিও দিতে হবে বার্সাকে। আর ক্লাবটির আশাবাদ বাড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্রীড়া দৈনিক গেজেত্তা দেল্লো স্পোর্টেও প্রতিবেদন। তারা জানিয়েছে, লাউতারো মার্টিনেজ কেবল বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে পারলেই ইন্টারমিলান ছাড়বেন। তবে, ইংলিশ ক্লাব দুইটি প্রস্তাবও আকাশচুম্বি। সিটি ও চেলসি —দুই দলই রিলিজ ফি ছাড়াই লাউতারোকে পেতে ১০০ মিলিয়ন পাউন্ড করে খরচ করতে রাজি। তবে, এখানে একটু পিছিয়ে থাকবে সিটি। কারণ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নিষেধাজ্ঞা চলে আসায় ক্লাবটির ব্যাপারে আগ্রহ কম মার্টিনেজের।
