ভ্রাম্যমাণ চিকিত্সা ব্যবস্থা চালু করলেন মাশরাফি

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে সারা দেশেই অন্যান্য রোগে আক্রান্ত সাধারণ রোগীদের চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। করোনা ছাড়াও অন্য রোগে আক্রান্তরা যেন সঠিক চিকিত্সা পায় তার জন্য ভ্রাম্যমাণ চিকিত্সা ব্যবস্থা চালু করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন। নড়াইল জেলার মানুষ এই সেবা পাবে।

এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী পরশু (আজ) থেকে ভ্রাম্যমাণ চিকিত্সা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্যের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিত্সাও জরুরি। কেননা করোনা রোগ ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিত্সা পায় এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই মুহূর্তে আমরা দুই জন ডাক্তার দিয়ে শুরু করছি। তারা হলেন—ডা. দ্বীপ বিশ্বাস এবং ওনার সহধর্মিণী ডা. স্বপ্না রানী সরকার।’