বেলারুশ লিগ বন্ধ হচ্ছে না

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৬

করোনা ভাইরাসের কারণে ইউরোপীয় লিগ বন্ধ থাকলেও বেলারুশ লিগ চলছে পুরোদমেই। তবে গেলো সপ্তাহে লিগটি স্থগিত করা নিয়ে কথা তুলেছিল ফিফপ্রো। তার প্রেক্ষিতে এবার বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সের্জেই জারদেতস্কি জানিয়েছেন, লিগ বন্ধ করার কোনো যৌক্তিকতাই নেই তাদের। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই পরিস্থিতি পর্যালোচনা করছি। নিজেদের স্বাস্থ্যরক্ষা পদ্ধতির ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে এবং এখন লিগ বন্ধ করার কোনো কারণই নেই।’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় দেওয়া এক সাক্ষাত্কারে তিনি আরো যোগ করেন, ‘দর্শকেরা খেলায় যাবেন কি যাবেন না সেটা তাদের সিদ্ধান্ত; কিন্তু আমরা আমাদের কাজ করছি। জীবাণুনাশক জেল, সদর দরজায় ডাক্তার দিয়ে দর্শকদের স্বাস্থ্যপরীক্ষাসহ সব পদক্ষেপই আমরা নিয়েছি।’