ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নির্দেশে ১৪ দলের পক্ষে গতকাল মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় গরিব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাকরাইল, রামপুরা, খিলগাঁও, বাড্ডা ও রমনা থানা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসে বিপর্যস্ত দিনের আয়ের ওপর নির্ভরশীল মানুষগুলো। বাইরে যাওয়া বন্ধ, তাই কর্মও বন্ধ। এই অবস্থায় পরিবার নিয়ে মহাসংকটে খেটে খাওয়া মানুষগুলো। এমন দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে দিয়েছে ১৪ দল। এটা অব্যাহত থাকবে বলে মোহাম্মদ নাসিম জানান। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তার নেতৃত্বে গতকাল মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় ১৪ দলের পক্ষে চাল, ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এজাজ আহমেদ মুক্তা সাংবাদিকদের বলেন, করোনা সংকট উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ নির্দেশনা জীবন দিয়ে হলেও রক্ষা করব। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি এবং এই বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে জাসদ নেতা নাদের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মিয়া, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃঞ্চ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
