নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের জন্য জাতীয় শোক পালন করছে চীন সরকার। গতকাল শনিবার শোক পালন কর্মসূচির শুরুতে ৩ মিনিট নীরবতা পালন করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের শোক দিবসে সংহতি জানিয়ে দেশটির স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্ত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি জানান ড. মোমেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের জন্য চীন সরকার যে জাতীয় শোক পালন করতে চলেছে, সেটা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে রয়েছে। চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশটির সরকার খুব ভালোভাবে দেখভাল করছে এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই। চিঠিতে মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং একই সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
