ময়মনসিংহ ১০: চমকপ্রদ ফলাফল প্রত্যাশী নৌকা, প্রচারণায় ছিল না ধানের শীষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২২

ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনে রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে জয়ের প্রত্যাশায় উচ্ছ্বসিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। উপজেলায় একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয় প্রার্থী মনোনয়ন পাওয়া, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, নির্বাচনী প্রচারণায় ব্যাপক হারে সাধারণ মানুষের উপস্থিতি, নির্বাচনী সভা-সমাবেশগুলোতে হাজারো নারী-পুরুষের ঢল, বিগত ৫ বছরে এ আসনে সরকারের উন্নয়ন, শক্তিশালী সংগঠনিক কার্যক্রম ইত্যাদি কারণে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের আশা করছে তারা।

উঠান বৈঠকে ফাহমি গোলন্দাজের স্ত্রী শারমীন গোলন্দাজ। ছবিঃ ইত্তেফাক।

ফাহমি গোলন্দাজ বাবেলের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ মার্কার প্রার্থী এলডিপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এসএম মোরশেদ। ধানের শীষের তেমন কোনো নির্বাচনী প্রচারণা না থাকলেও বাবেল গোলন্দাজের সমর্থনে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী জনসভাগুলোতে দেখা গেছে বর্ণিল প্রচারণা। মাঠে ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেলের সহধমির্নী শারমীন গোলন্দাজ। তিনি এ আসনে নারীদের শতকরা ৯০ ভাগ ভোট নৌকা মার্কায় পড়বে বলে আশা করেন।

এ আসনের নৌকা মার্কা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল বলেন, ‘গত তিন সপ্তাহের প্রচারণায় ভোটারদের যে সাড়া পাওয়া গেছে তাতে নিশ্চিত বলা যায় এবার এ আসনে রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে নৌকা প্রতীক জয়লাভ করবে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীন আওয়ামী লীগ নেতা আলাল আহমেদ, নৌকার ঘাটি গফরগাঁওয়ে সত্তরের নির্বাচনের পর আওয়ামী লীগ এত শক্তিশালী ও ঐক্যবদ্ধ কোনদিন ছিল না। আমরা এবারে চমকপ্রদ ফলাফলের প্রত্যাশা করছি। নৌকা মার্কার ভোট প্রাপ্তিতে অতীতের সকল রেকর্ড ভেঙে যেতে পারে।'

আরও পড়ুনঃ পাবনা ১: নৌকা এগিয়ে, ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিভক্ত ভোটাররা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, 'জননেত্রী শেখ হাসিনার কল্যাণে এ আসনে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। জনগণের মাঝে শান্তি ও স্বস্তি ছিল। আমি জনগণকে ঐক্যবদ্ধ করে উপজেলায় বিএনপি জামায়াত জোটের জ্বালাও-পোড়াও,  ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। গত পাঁচ বছর আমি এ নির্বাচনের প্রস্ততির মাঝে আছি। সব মিলিয়ে এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটের প্রত্যাশা করছি।'

ইত্তেফাক/অনি/নূহু