নড়বড়ে সালমার নেতৃত্ব

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:৩৯

স্পোর্টস রিপোর্টার

সালমা খাতুন—বাংলাদেশের নারী ক্রিকেটে এক অবিসংবাদিত নাম। সেই শুরুর লগ্ন থেকে ক্রিকেটের সঙ্গে আছেন তিনি। প্রায় দেড় যুগ ধরে খেলছেন লাল-সবুজের জার্সিতে। কার্যকর অলরাউন্ডার ছিলেন, দলের সেরা ক্রিকেটার ছিলেন। সময়ের সঙ্গে ব্যাটিংয়ের ধার কমেছে। ব্যাটিং অর্ডার নিচে চলে গেছে। বোলিংটা এখনো করেন। দলের জন্য অবদান রাখেন।

তবে এখন দলে অবদান রাখার ক্ষেত্রে সালমার জন্য বড়ো জায়গা মূলত অধিনায়কত্ব। বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক তিনি। গত মাসেই তার নেতৃত্বে বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া থেকে ফিরেছিল বাংলাদেশ নারী দল। চার ম্যাচের একটিতেও জয় পায়নি। টানা তিন আসর বিশ্বকাপে জয়শূন্য বাংলাদেশ। বাছাই পর্বের ঝক্কি উতরানো সম্ভব হয়নি এবারও।

দলের এমন ব্যর্থতার পর আতশী কাচের নিচে চলে এসেছে সালমার নেতৃত্ব। অদূর ভবিষ্যতে তার হাতে দলের নেতৃত্ব থাকার সম্ভাবনা কমে এসেছে। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে দল নিয়ে পরিকল্পনা করবে বিসিবি। সেখানে নেতৃত্ব থেকে সালমার বিদায় ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য ২৯ বছর বয়সি এই ক্রিকেটার বিশ্বকাপে যাওয়ার আগেও বলেছিলেন, বিশ্বকাপের পর ক্যারিয়ার নিয়ে ভাববেন।

সালমার নেতৃত্ব, বিশ্বকাপে দলের পারফরম্যান্স, ভবিষ্যত্ পরিকল্পনাসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসবে বিসিবির উইমেন্স উইং। করোনা পরিস্থিতি সামলে সবকিছুর উন্নতি হলেই এই মিটিং হবে। অধিনায়ক হিসেবে সালমার ভবিষ্যত্ সম্পর্কে জানতে চাইলে গতকাল উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘অনেক জিনিস নিয়েই আমাদের কথা বলার কথা ছিল। আমাদের বসার প্ল্যান ছিল। করোনা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যায় দলটা আসার পরপরই। দল আসল ৪ তারিখে (মার্চ), ৭ তারিখে প্রথম করোনা রোগী ধরা পড়ল। তখন হোম কোয়ারেন্টাইনের বিষয়টা চলে আসল। আর তো সুযোগ হয়নি। বসা হয়নি। এগুলো সামনাসামনি বসে করতে হবে।’

বাংলাদেশের জার্সিতে ৩৪ ওয়ানডে ও ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন সালমা। যার মধ্যে ৬৫টি টি-২০ ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তিনি। বাকি ৯ ম্যাচের ছয়টি জাহানারা আলম ও তিনটি ম্যাচ খেলেছেন রুমানা আহমেদের নেতৃত্বে। ওয়ানডেতেও ১৮ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সালমা। বলাবাহুল্য, টি-২০ বাংলাদেশের ২৭ জয়ের সবকটিই এসেছে তার ধরে। তবে এখন সালমার ‘অধিনায়কত্ব’ অনেকটাই শেষের দুয়ারে চলে এসেছে।