খুলনায় এম ডি তানভীর শান্ত (৩০) নামে পোল্ট্রি ডিপোর এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে নগরীর শিরোমণির বিসিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত তানভীর শান্ত’র বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তিনি শিরোমণির বিসিক এলাকায় সুগুনা পোল্ট্রি ফিডের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সুগুনা পোল্ট্রি ফিডের ম্যানেজার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর শিরোমণি বিসিকের সাব ডিলার ডিপোর সহকারী ম্যানেজার তানভীর শান্তকে গত বৃহস্পতিবার গভীর রাতে গোডাউনের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং মুখে কুপিয়ে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা অফিস রুমের ক্যাশ বক্সের তালা ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার সকাল ১০টায় ডিপোতে একটি ট্রাক মাল আনলোড করতে এলে শ্রমিকরা তানভীরকে ডেকে সাড়া না পেয়ে ডিপোর ম্যানেজার মো. মামুনুর রহমানকে জানান। মামুনুর রহমান ডিপোতে এসে প্রধান ফটকে দুটি তালার পরিবর্তে একটি তালা লাগানো দেখে পিছনের দরজা ধাক্কা দিয়ে খুলে তার লাশ দেখে পুলিশে খবর দেন।
ডিপোর ম্যানেজার মামুনুর জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে রূপসায় গ্রামের বাড়িতে চলে যান। সকালে শ্রমিকদের কাছে খবর পেয়ে এসে ঘটনা জানতে পারেন।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার কারণে শ্রমিকদের মজুরি বাবদ বৃহস্পতিবার ফুলবাড়ীগেট পূবালী ব্যাংক শাখা থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে অফিসের ক্যাশে রাখা হয়। দুর্বৃত্তরা তানভীরকে হত্যা করে ক্যাশ বাক্স ভেঙ্গে দেড় লক্ষ টাকা নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে পরিচিত কেউ তাকে ডেকে তালা খুলে ভিতরে ঢুকে আবার তালা লাগিয়ে দিয়ে তাকে হত্যা করে টাকা নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সোনালী সেন জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক বাহিনী কাজ করছে। প্রাথমিক ভাবে প্রেম ঘটিত অথবা তাস খেলার কিছুর আলামত পাওয়া গেছে। তবে যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্বপরিচিত এটা নিশ্চিত।
খানাজাহন আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করা হয়নি।
ইত্তেফাক/অনি/বিএএফ
