জয়পুরহাট প্রতিনিধি
রমজান মাস উপলক্ষ্যে জয়পুরহাটে টিসিবি ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় এ পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ডিলাররা। আগামী ২০ মে পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঐ পণ্য বিক্রি কার্যক্রম চলবে। টিসিবির পক্ষ থেকে জানানো হয়, জেলায় চার জন ডিলার তাদের নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। এক জন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
টিসিবি রবিবার জেলা শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান ও রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে। ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে খুশি বলে জানান তেঘর গ্রাম থেকে ভোক্তা আরতি রানি, খনজনপুর থেকে আসা আব্দুল কুদ্দুস। জয়পুরহাট টিসিবির ডিলার জগন্নাথ সাহা বলেন, আগামী ১০ এপ্রিল থেকে ছোলা ও খেজুর সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
