বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অর্থনৈতিক প্যাকেজকে যুগান্তকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সব মানুষ—ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবাইকে এ প্যাকেজে সহায়তার আওতায় এনে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে। গতকাল রবিবার মন্ত্রী তার সরকারি বাসভবনে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।
ড. হাছান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এ প্যাকেজের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করেছে, সেভাবে করোনা ভাইরাস মোকাবিলায়ও পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবিকাকেও রক্ষা করার জন্য যে ঐতিহাসিক এবং সাহসী ঘোষণা দিয়েছেন—এটি আমাদের আশপাশের দেশ এমনকি ভারতের তুলনায় অনেক বড়ো প্যাকেজ। ভারতে তারা তাদের জিডিপির ০.৮ শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে। আর বাংলাদেশে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মোট জিডিপির ২.৫২ শতাংশ। যা ভারতের তুলনায় অনেক বড়ো প্যাকেজ।
