মিথুন রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

Gemini

[ ২২ মে - ২১ জুন ]

শাসক গ্রহ :বুধ

শুভ সংখ্যা :৫

বৈশিষ্ট্য :বাতাস

রং :হালকা সবুজ, আকাশি, কমলা ও লাল

ধাতু :রুপা ও প্লাটিনাম

রত্ন :পান্না, ফিরোজা,

জেড ও বেরিল

শুভ দিন :বুধবার

সঙ্গী/সঙ্গিনী :কুম্ভ, তুলা, সিংহ

জে নে  নি ন  আ প নি  কে ম ন  মি থু ন

মিথুন পুরুষ বা নারী সবাই রক্ষণশীল। পুরোনো আমলের কথাবার্তা কিংবা ব্যক্তিদের ব্যাপারে, কিংবা যারা কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে নিজেদেরকে মেনে নিতে পারে না তাদের ব্যাপারে খুবই অধৈর্য গোছের। মিথুনেরা সাধারণত অন্যদের তুলনায় আকর্ষণীয়ভাবে চিকন, লম্বা, প্রাণশক্তিপূর্ণ হয় যদি না তাদের উপর গ্রহ-নক্ষত্রের নেতিবাচক প্রভাব থাকে। বস্তুত, তাদের সতর্ক, সদা-চঞ্চল চোখগুলোই হয়তো তাদেরকে চিনবার সহজতম উপায়। মিথুনদেরকে কোনো মানসিক ক্ষিপ্রতার চ্যালেঞ্জ করাটা সম্পূর্ণ বৃথা, কেননা তারা কথা দিয়ে নিজেদেরকে খুব ভালোই প্রমাণ করতে পারে আর খুব সহজেই সে করতে পারে। তারা নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় কিংবা অন্য যেকোনো অবস্থায়ই খুব তীক্ষভাবে বিদ্রূপাত্মক হতে পারে, আর তারা চালাকিতে প্রায় সবাইকেই ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিছু কিছু মিথুন জাতক-জাতিকারা অন্য যারা ধীর-স্থিরভাবে চিন্তা করে অভ্যস্ত তাদেরকে নিজেদের ক্ষীপ্র মানসিক ক্ষমতার দ্বারা বোকা বানিয়ে কিংবা চিন্তামগ্ন করে তুলে একধরনের দুষ্টু প্রকৃতির আনন্দ উপভোগ করে থাকে। মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো দ্বৈততা। তারা দুটো কাজ একসঙ্গে খুব সহজেই করতে পারে। যেকোনো ধরনের রুটিন মিথুনদেরকে খাঁচায় বন্দি, পাখায় ক্লিপ দেওয়া অসহায় পাখির মতো বিমর্ষ করে তোলে। অস্থির প্রকৃতির বুধ-স্বভাববিশিষ্ট মিথুনেরা সব সময়ই উত্তেজনা আর পরিবর্তন প্রত্যাশা করে। আর এসব না পেলে তারা অন্যমনস্কভাবে বিষণ্ন হয়ে ওঠে। মিথুন আর লেখালেখির মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এই রাশি নিজেই লেখালেখির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রায় সব মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। প্রচুর সংখ্যক মিথুন আছেন যারা বিজ্ঞাপনচিত্র, ভাষণ, প্রামাণ্য চিত্র, নাটক এবং বই ইত্যাদি লেখালেখির সঙ্গে জড়িত। কিন্তু বইগুলো হবে উপন্যাস, কিংবা পাঠ্যবই, কিংবা বাস্তবভিত্তিক কাহিনি এবং জীবনবৃত্তান্ত।

বৈশিষ্ট্য

প্রতীক :যমজ, শিল্পী বা আবিষ্কারক

বায়বীয় বৈশিষ্ট্য :বাচাল, অস্থির, বহুমুখী, চতুর,

উচ্ছ্বাস স্পষ্টরূপে প্রকাশক্ষম।

ব্যক্তিত্ব :খামখেয়ালি ও স্ববিরোধী, মানসিকভাবে প্রাণবন্ত, অসহিষ্ণু, শৈল্পিক, রসিক, বহুমাত্রিক।

বিখ্যাত ব্যক্তি

কাজী নজরুল ইসলাম, শেখ সাদী, উইলিয়াম বাটলার, ইয়েটস, পুশকিন, রাজা রামমোহন রায়, এমারসন, চার্লস রিড, রানি ভিক্টোরিয়া, মার্শাল টিটো, চে গুয়েভারা, নিকোল কিডম্যান, মেরিলিন মনরো, নির্মলেন্দু গুণ, কবরী সারওয়ার, ফররুখ আহমদ, ড. শহিদুল আলম, মুনতাসীর মামুন, হুমায়ুন ফরিদী।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

বায়ু রাশি মিথুনের জাতক-জাতিকার জন্য বছরের শুরুটা ভালো গেলেও মাঝেমধ্যেই আপনজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এ বছর অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা যেমন আছে তেমনই ব্যয়াধিক্যের আশঙ্কাও যথেষ্ট রয়েছে। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টির ফলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো কাজে অর্থ ব্যয় হবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রেম-রোমান্স প্রভৃতির জন্যও বছরটি অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এ বছর এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। অন্যথায় সামান্য ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের কোনো সমস্যার উদ্ভব হতে পারে। বছরের শুরুতে মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রত্যাশা পূরণের জন্য এপ্রিলের শুরু থেকে সময় মোটামুটি অনুকূল থাকবে। এ বছর মাঝেমধ্যেই অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। অকারণ দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। চাকরিজীবীদের পদোন্নতির জন্য বছরের দ্বিতীয়ার্ধই উত্তম সময়। যৌথ ও অংশীদারী ব্যবসায় সারাবছরই সতর্ক থাকতে হবে। ভুল বোঝাবুঝি জনিত কারণে এক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার উদ্ভব হতে পারে। পারিবারিক ছোটখাটো ব্যাপারে ভাইবোনদের সঙ্গেও মতানৈক্য দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য বছরটি ভালো যাবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টাও ফলপ্রসূ হতে পারে। সামগ্রিকভাবে ভাগ্যের আনুকূল্য পেলেও অপ্রত্যাশিত বা রহস্যজনক কারণে কারও কারও ভাগ্য বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। কর্মস্থলে প্রাপ্ত সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন। অন্যান্য দিক ভালো যেতে পারে।