প্রণোদনার প্রতিক্রিয়া

প্রণোদনা বাস্তবায়নে তারল্য জোগান দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে --ড. আহসান এইচ মনসুর

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২২:৪৮

প্রণোদনা প্যাকেজের যে আকার, তা ঠিকই আছে। প্রয়োজনের নিরিখে পরবর্তীতে বাড়ানো যেতে পারে। তবে যা-ই ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করা হোক। যে পরিমাণ অর্থের কথা (৭২ হাজার ৭৫০ কোটি) বলা হয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে তারল্য জোগানের (লিকুইডিটি ইনজেক্ট) ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি খাতের (এসএমই) ২০ হাজার কোটি টাকার ঋণের যে কথা বলা হয়েছে,   ব্যাংকের মাধ্যমে তাদের সবার কাছে যাওয়া সম্ভব হবে না। এ জন্য ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, কাউকে না খেয়ে মরতে দেওয়া হবে না। এটি নিশ্চিত করতে হলে, বড়ো অঙ্কের অর্থের জোগান প্রয়োজন হবে। বর্তমানে ১ কোটি লোক বেকার। তাদের পরিবারের সদস্যসহ এ সংখ্যা ৩-৪ কোটি হবে। এ অর্থ কীভাবে আসবে তা বলা হয়নি।