ফরিদপুরে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ন্যায্য মূল্যে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিত্য পণ্য বিক্রি শুরু করেছে যুবলীগ। ‘স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আমরা’ এই শ্লোগানে পৌরসভার ২৭টি ওয়ার্ডে ট্রাকযোগে জরুরী নিত্য পণ্য নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করছে জেলা যুবলীগ।
রবিবার ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শহরের বদরপুরের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এটিকে যুবলীগের একটি মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, করোনা ভাইরাসের যে প্রকোপ শুরু হয়েছে সেটি মোটেই হালকা করে দেখার সুযোগ নেই। বাজারঘাট করতে গিয়ে সামাজিক দূরত্ব না মানলে এই ভাইরাস ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সরকার আগামী দুই সপ্তাহ সকলকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের হতে নিষেধ করেছে। সরকারের নির্দেশনা মেনে চললে এপ্রিলের মধ্যেই এই ভাইরাসের কবল থেকে মুক্তি আশা করতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি এইচএম ফোয়াদ বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষকে যাতে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে বাজার ঘাটে বের হতে না হয় সেজন্য আমরা ট্রাকযোগে পণ্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে এসব পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছি। তিনি জানান, প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি ট্রাকযোগে এসব পণ্য বিক্রি হবে।
যুবলীগের এই নেতা বলেন, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নেতাকর্মীদের জমাকৃত অর্থ থেকে এই ভর্তুকি দেওয়া হয়েছে। নিত্য পণের মধ্যে রয়েছে, প্রতি কেজি চাল ৩৮ টাকা দরে যা বাজার দর ৪৬ টাকা, ডাল ৭৩ টাকা দরে যার বাজার দর ৮২ টাকা, সয়াবিন তেল ৯৮ টাকা দরে যার বাজার দর ১০৫ টাকা, আলু ১৯ টাকা দরে যার বাজার মূল্য ২৫ টাকা, পেঁয়াজ ৩২ টাকা দরে যার বাজার মূল্য ৪০ টাকা, লবন ১৫ টাকা দরে যার বাজার মূল্য ২০ টাকা, আটা ৩০ টাকা দরে ও ডিম প্রতি হালি ২৪ টাকা দরে যার বাজার মূল্য ৩৬/৪০ টাকা দরে বিক্রি করা হবে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে পালিয়েছে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আরো ২ রোগী
এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান প্রমুখ।
ইত্তেফাক/আরআই
