রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে ৪৩ নমুনা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০০:১৮

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) করোনা ল্যাবে পরীক্ষার জন্য রবিবার নতুন আরো ৪৩ জনের নমুনা এসেছে। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আগের দিন শনিবার ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ১৯টি এসেছিল পাবনা থেকে। বাকি তিনটি রাজশাহীর বলে জানা গেছে। 

ডা. বুলবুল হাসান জানান, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত তারা ৪৩ জনের নমুনা পেয়েছেন। সকাল থেকে সেগুলো পরীক্ষার কাজ চলছে। তবে কোন জেলা থেকে কতজনের নমুনা এসেছে তা জানাতে চাননি তিনি। তিনি বলেন, এই ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা সম্ভব। নমুনা পরীক্ষায় সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা সময় প্রয়োজন। গত ১ এপ্রিল ল্যাব চালুর পর থেকে শনিবার পর্যন্ত তারা ২৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছেন। রাজশাহী থেকে পরীক্ষার রিপোর্ট প্রকাশ করার সুযোগ নেই।