ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া সত্তর বছরের এক বৃদ্ধ মারা গেছেন। আজ সকাল ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই বৃদ্ধের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। চারদিন আগে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর নিহত ওই ব্যাক্তির বাড়ির আশে পাশের অন্তত ১শ পরিবারকে কঠোরভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কয়েকদিন আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে মেডিসিন ইউনিটে রাখা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি ও করোনা উপসর্গ মিলে যাওয়ায় ৪ তারিখে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। গতকাল ৫ তারিখে তার করোনা পরীক্ষার জন্য তার নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়েছে, কিন্তু এখনো রিপোর্ট পাওয়া যায়নি। এর মধ্যে আজ সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মারা যাওয়া ওই বৃদ্ধ কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ওই ব্যাক্তির মৃত্যুর পরে জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক বাড়ির আশে পাশের ১শ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
