ফয়জুল আল আমীন
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। আর এই ভাইরাসের মোকাবিলায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবার সঠিক নিয়মে কেনা, কাটা, ধোয়া ও সংরক্ষণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কীভাবে পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষা করা যেতে পারে সেই বিষয়ে কিছু পরামর্শ তুলে ধরা হলো।
বাজার থেকে ফল-শাক-সবজি কেনার সময় অবশ্যই নষ্ট, পচা, আধা পচা বা খারাপ ফল, সবজি ও শাক বাদ দিয়ে কিনতে হবে। ঘরে নিয়ে আসার পর ব্যাগ বা প্যাকেট থেকে ফল-সবজি বের করে ধরার আগে নিজের দুই হাত কমপক্ষে ২৫ সেকেন্ড ধরে সাবান-পানিতে (উষ্ণ গরম পানি হলে ভালো) ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। কিনে আনা ফল-সবজির যদি কোনো অংশ সামান্য নষ্ট বা খারাপ থাকে তাহলে সেটুকু কেটে ফেলে দিতে হবে। ফল-সবজির খোসা ছাড়ানো বা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে ট্যাপের চলমান পানির নিচে (সাবান বা ডিটারজেন্ট ছাড়া) কচলিয়ে ধুয়ে নিন। শুকনা খাবার (মুড়ি, খৈ, চিড়ে ইত্যাদি) পরিষ্কার কাগজ বা কাপড় বা তোয়ালেতে ভালো করে নিগড়ে মুছে নেওয়ার মাধ্যমেও ব্যাকটেরিয়া মুক্ত করা যেতে পারে।
এবার ফল-সবজি রাসায়নিকমুক্ত করার জন্য একটা বড় বোল/গামলার প্রায় পাঁচ ভাগের চার ভাগ বিশুদ্ধ পানিতে বাকি এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে নিন। ২০-মিনিট ধরে ওই পানিতে ফল-সবজি ডুবিয়ে/ভিজিয়ে রেখে দিন। এরপর ওই পানি থেকে তুলে নিয়ে চলমান বিশুদ্ধ পানিতে ভালো করে ধুয়ে নিন। যেসব ফল-সবজির একাধিক স্তর রয়েছে (যেমন, বাঁধাকপি, মোচা ইত্যাদি) সেগুলোর বাইরের অংশ ফেলে দিন। বিজ্ঞানী লুইসের মতে, ফ্রিজ বা রেফ্রিজারেটরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেখে শাক-সবজি-ফল সংরক্ষণ করার মাধ্যমেও জীবাণুমুক্ত করা সম্ভব।
