কলকাতায় মেট্রো রেলে আগুন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪০

কলকাতার ঐতিহ্যবাহী মেট্রো ট্রেনে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আগুন লেগে যায়। রবীন্দ্রসদন থেকে দমদম স্টেশনে যাওয়ার সময় ময়দান স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির প্রথম ও দ্বিতীয় কামরার নিচে আগুন লাগে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীদের নিয়ে ফিরছিল ট্রেনটি। ময়দান স্টেশনে ঢোকার মুখে হঠাৎ করেই প্রথম দুটি কামরার নিচে থেকে শব্দ পাওয়া যায়। এরপরই সেখানে আগুন দেখতে পায় যাত্রীরা। ট্রেনের দরোজা বন্ধ থাকায় ভেতরটা ধোঁয়ায় ভরে যায় খুব তাড়াতাড়ি। এতে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ট্রেনের ভেতর ছোটাছুটি এবং জানালার কাঁচ ভেঙ্গে নামার চেষ্টা করতে গিয়ে আহত হন। 

এছাড়া ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী। বেশ কয়েকজন ট্রেন থেকে বের হয়ে সুড়ঙ্গে নামতে সক্ষম হন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেনের অভ্যন্তরীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ট্রেনে আগুন লাগার খবর পেয়েই পার্কস্ট্রিট এবং শেক্‌সপিয়ার সরণি থানার পুলিশ ও দমকল বাহিনী গিয়ে সুড়ঙ্গের পথ বেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কামরাগুলোর দরোজা খুলে সেখান থেকে একে একে উদ্ধার করা হয় অবরুদ্ধ যাত্রীদের।

উদ্ধারকৃত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরবর্তীতে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, 'অসুস্থ ও আহত যাত্রীসহ সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার ঘটনার মেট্রোরেলের পরিসেবা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্ক এখনো কিছু জানা যায়নি।'

আরও পড়ুনঃ আপনাকে কত টাকা দিয়েছে খালেদা জিয়া: শেখ সেলিম

কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, 'রাজ্য সরকার আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নেবে। মেট্রোরেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।'

ইত্তেফাক/দিপু/নূহু