শিশুরা যেন ঘরে বসে গল্পের বই শুনতে পারে সে জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লাইট অফ হোপ। শিশুতোষ সাহিত্যিকরা তাদের লেখা বইগুলো পড়ে ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করছে। সেখান থেকে শিশুরা এই গল্পের বইগুলো শুনতে পারবে। এরকম কয়েক শ’ বইয়ের ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছে শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ভিডিও বানানোর কাজ শুরু হয়ে গেছে। শিশুতোষ বই পড়ে শুনানোর এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে কিডস টাইমের ইউটিউব চ্যানেল Kids Time Tv-তে। এখন চাইলেই অভিভাবকরা প্রতিদিন কয়েকটি করে গল্পের বই পড়াতে পারবেন শিশুদের। এই উদ্যোগ নিয়ে কিডস টাইমের মূল প্রতিষ্ঠান লাইট অব হোপ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘করোনা মহামারির প্রকোপে ঘরে বসে থাকা শিশুদের মানসিক বিকাশে সহায়তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি, গল্পের বইয়ের এই ভিডিওগুলো তাদের বর্তমান মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করবে। একই সঙ্গে অভিভাবকরাও এই ভিডিওগুলো থেকে চাইলে শিখে নিতে পারেন কিভাবে শিশুদের বই পড়ে শুনাতে হয়।’
