স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত লা লিগা। স্পেনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবার কবে মাঠে ফিরবে লিগ, আদৌ ফিরতে পারবে কি-না এমন প্রশ্নও ঘুরছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। পরিস্থিতির কথা মাথায় রেখে লা লিগা এখনই শেষ করে দেওয়ার পক্ষে মত দিলেন সাবেক বার্সেলোনা তারকা রিস্টো স্টইচকভ। তবে পুরোপুরি বাতিল না করে এ মৌসুমে শুধু অবনমনের পদ্ধতিটা শিথিল করা উচিত বলে মনে করেন তিনি।
লিগের বর্তমান অবস্থায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে দুই পয়েন্টে। আর তাই লিগ আর মাঠে না গড়ালে কাতালানদেরই শিরোপা তুলে দেওয়ার পক্ষপাতী স্টইচকভ। স্প্যানিশ টিভি চ্যানেল ক্যাদেনা কোপকে তিনি বলেন, ‘পরিস্থিতির দিকে যদি আমরা চোখ দেই, যেসব ম্যাচ খেলা হয়েছে তাতে লা লিগা যেভাবে আছে সেভাবেই শেষ করে দেওয়াই ন্যায্য আচরণ হবে।’ পরের মৌসুমে ২২ দলের লিগ করারও পরামর্শ দেন সাবেক বুলগেরিয়ান ফরোয়ার্ড। স্টইচকভের ভাষ্য, ‘লিগটা যেভাবে আছে সেভাবেই ছেড়ে দিতে পারে তারা। কোনো অবনমন নয়, দুই দলকে তুলে এনে ২২ দলের লিগ করতে হবে পরের মৌসুমে। কারণ এতগুলো ম্যাচ জিততে তারাও কঠোর পরিশ্রম করেছে।’
নব্বইয়ের দশকে বার্সেলোনায় দুই দফায় প্রায় সাত মৌসুম খেলে গেছেন স্টইচকভ। এ সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৫ ম্যাচে ৮৩ গোল করেছেন তিনি। বার্সেলোনাকে জিতিয়েছিলেন পাঁচটি স্প্যানিশ লিগ ও একটি ইউরোপিয়ান কাপ শিরোপা।
