মসজিদের উপর ট্যাক্স আরোপ করছে জার্মানি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:০০

সব রকমের বৈদেশিক প্রভাব থেকে দূরে রাখতেই জার্মানির মসজিদগুলোর ওপর ‘মসজিদ ট্যাক্স’ আরোপের কথা বিবেচনা করছে জার্মান সরকার। জার্মানির চার্চগুলোর পাশাপাশি মসজিদগুলোর ওপরে এই ট্যাক্স আরোপ করা হবে। যা পরবর্তীতে মসজিদগুলোর জন্যই ব্যয় করা হবে।

জার্মানির চার্চগুলো ট্যাক্সের আওতাভুক্ত ছিল আগে থেকে। বিভিন্ন স্টেটের সরকার অন্য ট্যাক্সের মতো চার্চগুলো থেকে এ ট্যাক্স সংগ্রহ করে এবং পরবর্তীতে প্রয়োজন মতো চার্চগুলোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে থাকে। এতে করে চার্চগুলোর কোনরকম বাইরের আর্থিক সাহায্যে প্রয়োজন হয় না। 

জার্মানির মসজিদগুলো পরিচালিত হয় বাইরের বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার মাধ্যমেই। এতে করে তাদের ওপর বিভিন্নভাবে বৈদেশিক প্রভাব বিস্তারের সম্ভাবনা থাকে।

২০১৬ সালে জার্মানির একটি সংবাদ মাধ্যম গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, 'জার্মানির মসজিদগুলোর আর্থিক সহযোগিতার একটি বড় অংশ আসে সৌদি আরব, কুয়েত এবং কাতারের বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে। শুধু তাই নয়, জার্মানিতে নতুন মসজিদ এবং স্কুল তৈরির জন্যও আর্থিক সাহায্য আসে এ তিনটি দেশ থেকে। এমনকি এই বছর একটি মসজিদ উদ্বোধনের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান জার্মানির মসজিদগুলোর ওপর তাদের প্রভাব বিস্তারের কথা বলেন।'

আরও পড়ুনঃ গফরগাঁওয়ে নির্বাচনী দায়িত্বে থাকা বিজিবি সদস্যের মৃত্যু

দেশটির মসজিদগুলোর ওপর প্রভাব বিস্তারের এই বিষয়গুলো নিয়েই শঙ্কিত জার্মানির সরকার, নীতি-নির্ধারক এবং আইন প্রনেতারা। বৈদেশিক প্রভাব ও বাইরের আর্থিক সাহায্য নিয়ন্ত্রণের লক্ষ্যেই মসজিদগুলোর ওপর এই ট্যাক্স নির্ধারণের কথা বিবেচনা করছে দেশটির সরকার।

ইত্তেফাক/দিপু/নূহু