টি-টোয়েন্টি বিশ্বকাপ
‘আমরা টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি। সবকিছু পরিকল্পনামাফিকই এগোচ্ছে। আমাদের এখনই কোনো সিদ্ধান্ত না নিলেও চলবে। আমরা আশা করছি, বর্তমান শঙ্কাময় পরিস্থিতির অবসান বিশ্বকাপের আগেই হয়ে যাবে, আর যথাসময়েই বিশ্বকাপ শুরু হবে।’
স্পোর্টস ডেস্ক
কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কেবল সাড়ে ছয় মাস বাকি। অথচ, এই সময় করোনা ভাইরাসের কারণে মুখ থুবড়ে পড়ে আছে গোটা বিশ্ব। সব রকম খেলাধুলার আসরই পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে, আইসিসির এই ইভেন্টটিকে ঘিরেও আছে শঙ্কা।
তবে, আইসিসি এখনো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণেই বেশি জোর দিচ্ছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি এখন আছেন আশার আলোর সন্ধানে।
তিনি বার্তা সংস্থা এএপিকে বলেন, ‘আমরা টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি। সব কিছু পরিকল্পনামাফিকই এগোচ্ছে। আমাদের এখনই কোনো সিদ্ধান্ত না নিলেও চলবে। আমরা আশা করছি, বর্তমান শঙ্কাময় পরিস্থিতির অবসান বিশ্বকাপের আগেই হয়ে যাবে, আর যথাসময়েই বিশ্বকাপ শুরু হবে।’
তিনি জানান, প্রয়োজনে বিশ্বকাপে এবার কিছু পরিবর্তনও আনা হতে পারে, ‘কিছু কিছু ব্যাপারে নতুন করে ভাবনার প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদের বিভিন্ন কমিটির সমন্বিত সিদ্ধান্তের দরকার হবে। আইসিসির সব সদস্য দেশেরও সহায়তা লাগবে। কোনো পরিবর্তন হলেই সেটা সবাইকে জানিয়ে দেওয়া হবে। তবে, আপাতত আমাদের হাতে লম্বা সময় আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ১৮ অক্টোবর। আর শেষ হবে ১৫ নভেম্বর। আপাতত কোভিড-১৯ এর কারণে সব খেলাই মোটামুটি বন্ধ, তবে এসব সিরিজ-টুর্নামেন্ট-লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়েও চলছে আলোচনা, যদি পরিস্থিতির উন্নতি হয়। তবে সেক্ষেত্রে ক্রিকেটের সময় সাংঘর্ষিক হয়ে পড়বে অস্ট্রেলিয়ার ফুটবল ও রাগবির সঙ্গে।
এমনিতে অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ফুটবল মৌসুম শেষ এবং পরবর্তী ক্রিকেট গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার মাঝের সময়টিতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে ন্যাশনাল রাগবি লিগ এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগ, যেটা রুলস ফুটবল লিগ নামে পরিচিত। এসব টুর্নামেন্ট আবার ক্রিকেট ভেন্যুও ব্যবহার করে।
তবে কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে আবার এসব লিগ শুরু হতে পারলে সেসব শেষ হতে সেপ্টেম্বর পার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়বে তা। অবশ্য এমসিজিসহ অন্যান্য ভেন্যুগুলোর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে চুক্তি আছে আইসিসির, তবে ব্রডকাস্টিংসহ অন্যান্য ইস্যুতে পাকিয়ে যেতে পারে জট।
হকলি এই ব্যাপারে বলেন, ‘অবশ্যই আমরা শীতকালীন ফুটবল কোডস (রুলস ফুটবল, রাগবি) এর কথা ভাবছি। তারা মৌসুম দীর্ঘায়িত করলেও আমরা মনে করি বিশ্বকাপ একটা বড়ো ব্যাপার, আগামী ১০-২০ বছরে এখানে এটি নাও হতে পারে আর। মানুষ বিশ্বকাপ ভালোবাসে, ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা। দেশ জুড়ে ভেন্যুগুলোতে খেলব আমরা, যেগুলোর বিশ্বের অন্যতম সেরা। আর টি-টোয়েন্টি ফরম্যাট ব্রডকাস্টারদের কাছেও আকর্ষণীয়। এরই মাঝে টিকিট বিক্রির হার আমাদের উত্সাহিত করেছে।’
