কর্মহীনদের সহায়তায় ‘ফুডবাস্কেট’ স্থাপন

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৬

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের জন্য ফুলবাড়ীতে ‘ফুডবাস্কেট’ (খাদ্যভান্ডার) স্থাপন করা হয়েছে। প্রশাসনিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী। তিনি উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করেছেন খাদ্যসামগ্রী সংগ্রহের ভান্ডার। ফুডবাস্কেটে খাদ্যপণ্য দেওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছেন এলাকার জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনসহ সর্বস্তরের মানুষ। ১ এপ্রিল থেকে ফুডবাস্কেটের কার্যক্রম শুরু করা হয়েছে। এই ফুডবাস্কেটে ৫ এপ্রিল বিকাল পর্যন্ত নগদ ২ লাখ ২৫ হাজার টাকা, ১০ টন চাল, ৬ টন আলু, ৩ টন ১০ কেজি লবণ, সোয়াবিন তেল ৫০০ গ্রাম ওজনের ২ হাজার ৭৯৮ বোতল, ছোটো সাবান ৩ হাজার ৫টা জমা পড়েছে। এগুলো দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

উপজেলা পর্যায়ে গঠিত ত্রাণ সংগ্রহ ও বিতরণী কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ বলেন, স্থানীয় দানশীল বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে ফুডবাস্কেটে খাদ্যপণ্য সংগ্রহ করে প্যাকেট তৈরির মাধ্যমে বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। ফুডবাস্কেট স্থাপনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, ‘উপজেলার মোট জনসংখ্যার একটা বড়ো অংশ অকৃষি পেশায় নিয়োজিত। যাদের মধ্যে রিকশা-ভ্যানচালক, রেস্তোরাঁর কর্মী ও দিনমজুর বেশি। তারা বেকার হয়ে পড়েছেন। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ফুডবাস্কেট সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।