সব দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:৪৩

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীসহ সারাদেশের সব দোকান, সুপারশপ ও কাঁচাবাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে। এছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরপরে অলিগলির কোনো দোকান খোলা যাবে না।

ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধের দোকানসহ জরুরি সেবা খাতগুলো চালু থাকবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সহযোগিতা করতে হবে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারাদেশে ‘লকডাউন’ চলছে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, শপিংমল, কলকারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।