আইপিএলের কারণে নমনীয় অজিরা!

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৯

স্পোর্টস রিপোর্টার

একটা সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের চোখে চোখ রাখতে দুনিয়ার সব ক্রিকেটারই একটু ভয় পেত। সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন নাকি ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পায়। আর তা আইপিএলের কারণে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, আইপিএলে দল পাওয়ার জন্য অস্ট্রেলিয়ানরা এখন মাঠে ভারতের সঙ্গে নমনীয় আচরণ করে।

বর্তমানে ধারাভাষ্য পেশায় থাকা ক্লার্ক বলছিলেন, আইপিএলের চিন্তায় ভারতীয় ক্রিকেটারদের বাধ্য হয়ে থাকে অস্ট্রেলিয়ানরা, ‘সবাই জানে আর্থিক দিক থেকে ভারত কতটা শক্তিশালী, সেটি আন্তর্জাতিক আঙিনাতেই হোক আর আইপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে। আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং সম্ভবত অন্য সব দল, কিছুদিন ধরেই ভারতের বাধ্যগত হয়ে থাকে। কোহলি বা অন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজ করতে তারা ভয় পায়, কারণ এপ্রিলেই তো ভারতীয়দের সঙ্গে আইপিএল খেলতে হবে!’

ক্লার্ক বলছিলেন, বিশেষ করে কয়েক জন সিনিয়র ক্রিকেটার আইপিএলে খেলোয়াড় নির্বাচনে প্রভাব খাটাতে পারেন বলে, তাদের একদমই স্লেজ করা হয় না, ‘গোটা দশেক ক্রিকেটারের কথা বলা যায়, যারা তাদের আইপিএল দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত থাকে। এজন্যই ক্রিকেটারদের ভাবনা এ রকম থাকে।