ভারতের অস্ট্রেলিয়া জয়ে খুব কৃতিত্ব দেখেন না ওয়াকার ইউনুস

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪০

স্পোর্টস রিপোর্টার

১৯৪৭ সালে প্রথম অস্ট্রেলিয়া সফর করেছিল ভারত। এরপর ২০১৮-১৯ মৌসুমের আগ পর্যন্ত কখনোই এই দেশটিতে সিরিজ জিততে পারেনি তারা। সেই কাজটাই অবশেষে করে দেখিয়ে ছিল বিরাট কোহলির দল। যেটা কোহলি বিশ্বকাপ জয়ের মতো বড়ো ব্যাপার বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু এই জয়কে খুব বড়ো কিছু মনে করেন না সাবেক পাকিস্তানী অধিনায়ক ওয়াকার ইউনুস।

ওয়াকার বলছিলেন, অস্ট্রেলিয়া দলটা তখন এমন একটা অবস্থায় ছিল যে, তাদের বিপক্ষে জয় পাওয়াটাকে খুব বড়ো করে দেখা যায় না। ভারতের কৃতিত্ব না কমিয়েই তিনি বলছিলেন, ‘আমি ভারতের কৃতিত্ব কমানোর চেষ্টা করছি না। তারা ভালো খেলেছে এবং দারুণ একটি দল তারা। পাশাপাশি এটিও বলতে হবে, এমন একটি সময়ে তারা অস্ট্রেলিয়ায় জিতেছে, কোনো সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ান ক্রিকেট তখন টালমাটাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তাদের ড্রেসিংরুম অগোছাল ছিল। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া খেলতে হয়েছে তাদের।’

কিন্তু এই অবস্থায় পেয়েও পাকিস্তান আবার পারেনি অস্ট্রেলিয়াকে হারাতে। সে ব্যাপারে বলতে গিয়ে ওয়াকার বলছিলেন, এর ব্যাখ্যা তার জানা নেই, ‘আমি সত্যিই জানি না, কেন আমরা এত বছরেও সেখানে কোনো টেস্ট সিরিজ জিতিনি। এক সময় আমরা সেখানে গিয়েছি সেরা বোলিং আক্রমণ নিয়ে, তবু হেরেছি। আমার কাছে মনে হয়, যখন বোলিং ভালো হয়েছে ব্যাটিংয়ে বড়ো রান করা হয়নি, কিংবা যখন ব্যাটসম্যানরা যথেষ্ট রান করেছে, বোলাররা ভালো করেনি।’