প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে সানেম
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট আর্থিক সংকট কাটাতে সরকারের আর্থিক প্রণোদনাকে স্বাগত জানিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, বর্তমান অবস্থা বিবেচনায় অর্থনীতির জন্য দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে সানেমের পক্ষ থেকে। পাশাপাশি জাতীয় বাজেটকে লক্ষ্য করে চারটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এক প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, এই আর্থিক প্যাকেজের মধ্যে স্বাস্থ্য খাতে বড়ো বরাদ্দ প্রয়োজন, যেটা ঘোষিত আর্থিক প্রণোদনায় উল্লেখ নেই। এই মুহূর্তে কম গুরুত্বপূর্ণ সরকারি খরচ কমিয়ে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কয়েক গুণ বৃদ্ধি করা প্রয়োজন।
এই আর্থিক প্যাকেজে ঘোষিত অর্থের কার্যকরী সংকুলান করার ক্ষেত্রে কর ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতের কিছু অতিপ্রয়োজনীয় এবং অতিদ্রুত সংস্কার দরকার, যা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ দুটি খাতে সংস্কারবিরোধী কায়েমি গোষ্ঠীর স্বার্থের বিপরীতে ব্যবস্থা নেওয়ার সময় এখনই। এই আর্থিক প্যাকেজের সুবিধা যাতে কিছু প্রভাবশালী খাত ও গোষ্ঠীর হাতে জিম্মি না হয়। এ ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং এই নীতিমালা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরো উল্লেখ করেন, দরিদ্র, অতিদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী এবং বর্তমান পরিস্থিতে আকস্মিকভাবে অসহায় হয়ে পড়া মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা প্রয়োজন। সেই সঙ্গে নতুন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন প্রয়োজন। এই বিশাল জনগোষ্ঠীর একটি বড়ো অংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছে। অথচ ঘোষিত আর্থিক প্যাকেজে অনানুষ্ঠানিক খাত নিয়ে কোনো কথা নেই। বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনেক ফাঁকফোকর আছে, যাতে এসব কর্মসূচির উদ্দেশ্য পূরণ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হতে পারে। তাই সামাজিক নিরাপত্তা খাতে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
