করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে পৌনে ৪ কোটি টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংক লিমিটেড। এছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক দিয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা ও ৫ হাজার পিপিই। সম্প্রতি সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুস সালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন। অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে এই অনুদান গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক ও পিপিই তুলে দেন রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। —প্রেস বিজ্ঞপ্তি
