যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অপি করিম

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:৫০

 

অপি করিম চলচ্চিত্রে ফিরেছেন প্রায় ১৫ বছর পর। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘ডেব্রি অব ডিজায়ার’ ছবিতে দেখা যাবে তাকে। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। ছবিটির কাজ করতেই কলকাতায় অবস্থান করছেন তিনি।

অপি অভিনয় করছেন সোমা চরিত্রে। এ ছবিতে অপির স্বামীর চরিত্রে থাকছেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। তবে নাম জানা যায়নি। তার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে প্রযোজকরা জানান। যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় এই ছবিকেই প্রথম অনুমোদন দেওয়া হয়েছে।

‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করছেন নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। প্রাথমিকভাবে ছবিটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। তবে এটি পরিবর্তন করা হবে। ইন্দ্রনীল বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেকদিনের। দু’জনেরই প্রধান উত্সাহের বিষয় সিনেমা। ঢাকা ও কলকাতায় চলচ্চিত্র চর্চার ইতিহাস বহু পুরোনো। দুই দেশেই চলচ্চিত্রকর্মীদের দক্ষতা ও প্রতিভা প্রশ্নাতীত।’