এএফপি
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ে আগামী ছয় মাসে ১ লাখ ১১ হাজার লোক মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সেখানকার বাসিন্দাদের ঘরে থাকার সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।
রাজ্য সরকার এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, করোনা মহামারি ব্রাজিলে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হতে পারে। লাতিন আমেরিকার মধ্যে প্রথম শিল্প নগরী সাও পাওলোতে করোনা ছড়িয়ে পড়ে। এখানে এ পর্যন্ত ৪ হাজার ৬২০ জন আক্রান্ত এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ রাস্তায় চলাচল এবং ভিড় এড়াতে জনগণকে সতর্ক করেছে। তারা যদি এটা না মানেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। গভর্নর জায়ো দোরিয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং লোকদের ঘরে থাকতে বলেছেন। তিনি বলেন, সংক্রমণ রোধে নেওয়া ব্যবস্থা সত্ত্বেও লোকজন রাস্তায় নামলে এবং জনসমাগম হলে আগামী ছয় মাসে এই শিল্পনগরীতে ২ লাখ ৭০ হাজার লোকের মৃত্যু হতে পারে।
০
