নির্বাচনী আমেজে ফাঁকা ফুটবল অঙ্গন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ফাঁকা হয়ে গেছে রাজধানীকেন্দ্রিক ক্রীড়াঙ্গন। বিশেষ করে ফুটবল অঙ্গন। আগামীকাল রবিবার দেশজুড়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মাঝে শুক্র ও শনিবারও সরকারি ছুটি থাকায় রাজধানী ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে ক্রীড়াঙ্গন।  ফেডারেশনগুলোও তাই বন্ধ। মতিঝিলের ক্লাব পাড়া নীরব। একদিন পর ভোট তাই ক্লাব কর্মকর্তারাও কেউ নেই। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। কারণ প্রায় সব ক্লাবের কর্মকর্তা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। ক্লাবঘরে ঢুকলে খেলোয়াড়দের ছাড়া আর কাউকে দেখা যায় না। আজ অনুশীলন করেই ছুটিতে যাচ্ছেন খেলোয়াড়রা। ভোটের দিন সবাই যার যার এলাকায় থাকতে চান। ভোট দিতে চান।

আবাহনীর ফুটবল দলের খেলোয়াড়দের ছুটি হয়ে গেছে। গত বৃস্পতিবার অনুশীলন করেই ছুটি পান তারা। আবাহনীর সিনিয়র ফুটবলার প্রাণতোষ এখন বাগেরহাটে। ফোনে জানালেন- ক্লাবের অনুশীলন বন্ধ। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া পেশাদার লিগের জন্য তাই আবার অনুশীলন শুরু হবে ২ জানুয়ারি। স্বাধীনতা কাপ ফুটবল হতে বিদায় নেয়ার একদিন পরই আবাহনী অনুশীলনে নামে, লিগ প্রস্তুতি শুরু করে।

মোহামেডানের অবশ্য গতকালও অনুশীলন হয়েছে। সকালে বুয়েট মাঠে অনুশীলন করে তারা। এখনো মোহামেডান বিদেশি কোচ আনেনি। নতুন কোনো কোচ আসবে কিনা তাও নিশ্চিত না। ক্লাব সূত্রে জানা গেছে বিকেএসপির একজন সাবেক ছাত্র মোহামেডানকে প্রশিক্ষণ দিচ্ছেন। আরেকটি সূত্রের দাবি- নির্বাচনের পর দেখা যেতে পারে মোহামেডানের নতুন কোচ। ক্লাব থেকে একজন ভালো মানের কোচ আনার চেষ্টা চলছে।

আরামবাগ ক্রীড়া সংঘ গতকালও অনুশীলন করেছে। স্বাধীনতা কাপের গতবারের চ্যাম্পিয়ন এ দলের কোচ মারুফুল হক দল নিয়ে কঠোর অনুশীলন করেছেন। ব্রাদার্সের অনুশীলন বন্ধ। ফুটবল ম্যানেজার আমের খান জানিয়েছেন তাদের ক্লাবঘরে ভোটকেন্দ্র হয়েছে। নির্বাচনী কাজকর্ম চলছে। এই অবস্থায় তারা ক্যাম্প চালু রাখতে পারছেন না। জানুয়ারির প্রথম সপ্তাহে কোচ সৈয়দ নামউদ্দিন ঢাকায় ফিরবেন। তখন ব্রাদার্সের অনুশীলন শুরু হবে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অনুশীলন বন্ধ হয়ে গেছে গত বৃহস্পতিবার। দলের ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম জানিয়েছেন খেলোয়াড়দের ছুটি দেয়া হয়েছে। ২ জানুয়ারি পুনরায় অনুশীলন শুরু হবে। শেখ জামালের আর্জেন্টাইন ট্রেইনার কোলম্যানের ভিসার মেয়াদ শেষ। তিনি ভারতে গেছেন ভিসা নবায়নের জন্য। বাকি দুজন বিদেশিদের বলা হয়েছে নির্বাচনের সময় যেন বাইরে ঘোরাঘুরি না করেন। স্বাধীনতা কাপ ফুটবল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সব বিদেশি দেশে ফিরে গেছেন।  

নির্বাচন ছাড়াই ছুটিতে রয়েছেন নোফেল ক্লাবের ফুটবলাররা। ফেডারেশন কাপ ফুটবল এবং স্বাধীনতা কাপ ফুটবল, দুটি আসরেই গ্রুপ হতে বিদায় নিতে হয়েছে প্রিমিয়ার লিগের নবাগত এই দলকে। অনুশীলন ছাড়া ফুটবল মাঠে লড়াই করা কঠিন সেটা বুঝতে পারছেন দলের কোচ কামাল বাবু। তারও কিছু করার ছিল না। কারণ ক্লাব কর্মকর্তারা যেভাবে চালাবেন সেভাবে তাকেও চলতে হচ্ছে। এইসব কারণে কামাল বাবুরও মন খারাপ। ফুটবল ক্যাম্প হয় না। কমলাপুর স্টেডিয়ামের ডরমেটরিতে খেলোয়াড়দের থাকার ব্যবস্থাও ভালো না। সাতদিন অনুশীলন করে বড় মঞ্চে ফুটবল খেলা যায় না। কামাল বাবু পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।  

প্রিমিয়ার লিগে ১৩ দল খেলবে। সব দলেই আছে বিদেশি ফুটবলার। যারা ঢাকাতে রয়েছেন সেইসব বিদেশি কর্মকর্তার উপর কড়া নির্দেশ- নির্বাচনের আগের রাত, ভোট গ্রহণের দিন এবং তার পরেরদিন যেন কেউ অহেতুক বাইরে না বের হন।