মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্পেনে চার দিন একটানা মৃত্যুর সংখ্যা কমার পর আবার বেড়েছে। ইউরোপের মধ্যে ব্রিটেনে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন। তবে নিউ ইয়র্কেই এক দিনে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে গতকাল পর্যন্ত আক্রান্ত ১৪ লাখ এবং মৃত্যু ৮১ হাজার ছাড়িয়েছে। জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. ফসি আশঙ্কা করছেন, বিশ্বে আমরা স্বাভাবিক জীবন আর ফিরে নাও পেতে পারি। আর ভাইরাস নিয়ে ব্রাজিলের মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে চীন। পাকিস্তানে তাবলিগ জামাতের ২০ হাজার সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইউরোপে মৃত্যু ছাড়াল ৫০ হাজার
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বে গতকাল আক্রান্ত ১৪ লাখ ১০ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু ৮১ হাজার ১৫ জন ছাড়িয়েছে। সুস্থ হয়েছে ৩ লাখ হাজার ৭৪০ জন। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই প্রথম চীনে কোনো মৃত্যু ঘটেনি। অথচ ইউরোপে মৃত্যুর হার বেড়েই চলছে। বিশ্বে মৃতের ৪০ শতাংশই ইউরোপে। স্পেনে মারা গেছে ১৩ হাজার ৮৯৭ জন। আক্রান্তের সংখ্যা প্রতিদিন চার ভাগ বাড়ছে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৪০ হাজার ৫১১ জন। দেশটিতে চার দিন কমার পর গতকাল আবার বেড়েছে। ২৪ ঘন্টায় ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মঙ্গলবার মৃত্যু হয়েছে ৬০৪ জনের। এ নিয়ে দেশটিতে ১৭ হাজার ১২৭ জন মারা গেছে। এছাড়া ফ্রান্সে প্রায় সাড়ে ১০ হাজার, জার্মানিতে প্রায় ২ হাজার, ব্রিটেনে ৬ হাজারের বেশি, বেলজিয়ামে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অনেক দেশে মৃত্যুহার বেড়েই চলছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভালুয়েশন জানিয়েছে, ব্রিটেনে আগষ্টের মধ্যে কোভিড-১৯ রোগে ৬৬ হাজার মানুষের মৃত্যু হতে পারে। প্রতিদিন দেশটিতে ৩ হাজার করে মানুষ মারা যেতে পারে।
নিউ ইয়র্কেই একদিনে ৭৩১ জনের মৃত্যু
নিউ ইয়র্কে করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ। রাজ্যটিতে এক দিনে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এই প্রথম রাজ্যে এক দিনে এতো মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে রাজ্যে ৫ হাজার ৪৮৯ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৩৬ জন। নিউ ইয়র্ক শহরের কারাগারের ২৮৬ বন্দি এবং ৩৩১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মারা গেছে ১২ হাজার ২৭৪ জন এবং আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার ৫৭১ জন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেবল চীনের দিকেই নজর দিচ্ছে। তিনি করোনা ভাইরাসের সংকটের মধ্যে সংস্থাটির পরামর্শেরও সমালোচনা করেন। তিনি তার দেশের ত্রাণ বিষয়টি কমিটির প্রধান গ্লিন ফাইনকে সরিয়ে দিয়েছেন। তিনি ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের সহায়তার বিষয়টি দেখভাল করছিলেন। এদিকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ হওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফাইন গ্রিসাম।
জাপানে জরুরি অবস্থা জারি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাজধানী টোকিও, বন্দরনগরী ওসাকা এবং আরো পাঁচটি প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। দ্য জাপান টাইমস সংবাদপত্র জানায়, এই জরুরি অবস্থা বলবত্ হবে বুধবার থেকে এবং জারি থাকবে এক মাস। এসব প্রশাসনিক এলাকার গভর্নররা স্কুল এবং দোকানপাট বন্ধ করে দিতে পারবেন। কিন্তু নাগরিকদের ঘরে থাকতে বলার বিষয়টি আইনগতভাবে তাদের এখতিয়ারের মধ্যে পড়বে না।
বিশ্ববাসী আর স্বাভাবিক জীবনে ফিরবে না!
শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘করোনা ভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল সেটা হয়তো আমরা আর নাও ফিরে পেতে পারি।’ তিনি বলেন, ‘দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো পূর্ব করোনা ভাইরাসের জীবন ফিরে পাব না।’ ডা. ফসি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।
ব্রাজিলের মন্তব্যে ক্ষুব্ধ চীন
ব্রাজিলের শিক্ষামন্ত্রী আব্রাহাম ওয়েনতারাব টুইটার বার্তায় বলেন, ভৌগোলিকভাবে কে বিশ্বে ক্ষমতাবান হবে? এরপর তিনি করোনা ভাইরাসের জন্য চীনকে দায়ী করেন। তিনি লেখেন, চীন বিশ্বের নিয়ন্ত্রণ নিতেই করোনা ভাইরাস ছড়িয়েছে। ব্রাজিলের চীনা দূতাবাস এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এটা বর্ণবাদী মন্তব্য। দূতাবাস মন্ত্রীর টুইটার পোস্টের ব্যাখ্যা দাবি করেছে।
স্বাস্থ্যবিধি ভাঙলেন স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে জারি থাকা লকডাউন অমান্য করে পরিবার নিয়ে সমুদ্র সৈকত ভ্রমণে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এজন্য নিজেকে ‘আহাম্মক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে সমুদ্র সৈকতে ভ্রমণ স্পষ্টতই লকডাউন নীতিমালার লঙ্ঘন। এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি আরডার্ন। তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে।
অন্যান্য দেশের পরিস্থিতি
রাশিয়ায় মারা গেছে ৫৮ জন। মূলত মস্কোতেই করোনা ভাইরাসের কেন্দ্র। গতকাল ১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই প্রথম এক দিনে এতা রোগী শনাক্ত হলো। নতুন করে মারা গেছে ১১ জন। রাশিয়ায় মোট শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার।
ইন্দোনেশিয়ায় রমজানে ঘরে বসে নামাজ, ঈদের নামাজ বাদ
রমজান মাসে মুসলিমদের তারাবি ও অন্য যে কোনো নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। ঈদের নামাজও বাদ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। ইন্দোনেশিয়ায় ৮৫ শতাংশ মুসলিম। প্রায় ২৬ কোটি মুসলিম বাস করেন দেশটিতে।
পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯ এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশটিতে তাবলিগ জামাতের ২০ হাজার সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারতে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক আক্রান্ত হয়েছে এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪ হাজার ৭৮৯ জন এবং মারা গেছে ১২৪ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল প্রকাশিত নির্দেশনায় সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে জানিয়েছে, করোনায় আক্রান্ত রোগী সামাজিক শিষ্টাচার মেনে না চললে ৩০ দিনের মধ্যে ৪০৬ জনকে আক্রান্ত করতে পারে। —আলজাজিরা, বিবিসি ও রয়টার্স
