বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে শুরু থেকেই মুসলমানদের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীতে (সা.) সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। গত রবিবার মক্কা ও মদিনা বিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট ও মসজিদুল হারামের খতিব শাইখ ড. আব্দুর রহমান সুদাইস মদিনার মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করেন। নামাজের পর মহানবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লামের মিম্বর থেকে করোনা বিষয়ে তিনি বিশ্বের পরিস্থিতিতে করণীয় সম্পর্কে খুতবা প্রদান করেন। শাইখ সুদাইস বলেন, সারা বিশ্ব আজ ধেয়ে আসা একটি মহাবিপদে আপতিত হয়েছে। নিঃসন্দেহে এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা পরীক্ষা।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। (সুরা বাকারা-১৫৫) দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের হারামাইনের এই পবিত্র ভূমিও আজ এ মুসিবতের অনুপ্রবেশ ও বিস্তার থেকে মুক্ত নয়। এই মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহর ফায়সালা ও সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকাই বাঞ্ছনীয়। তাহলে ইনশাআল্লাহ খুব শিগিগরই এই শংকট কেটে যাবে।
