কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সুমন আকন্দ (৩০) নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর পর গ্রামটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মৃত সুমন আকন্দ নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে। তিনি একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সুমন কয়েক দিন ধরে জ্বর,সর্দি-কাশিতে ভুগছিলেন। প্রায় সপ্তাহখানেক আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সুমনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু সুমন তা না মেনে সকালে কটিয়াদী উপজেলায় যায় এবং ফেরার পথে বাড়ির সামনে এসে মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তার নমুনা সংগ্রহ করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার বলেন, আমরা এক সপ্তাহ আগে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেই। কিন্তু তিনি তা না মেনে বাইরে ঘোরাফেরা করে। আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
