প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে ধানের শীষের প্রার্থী নিয়ে ধূম্রজাল!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

সীতাকুণ্ডে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে অভিযোগে একটি পক্ষ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছে।

জানা যায়, অধ্যাপক আসলাম চৌধুরীর বিশেষ আমমোক্তারনামামূলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ইসহাক কাদের চৌধুরীর ছেলে শাহরিয়ার হোসেন চৌধুরী গতকাল শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে উপরোক্ত বিষয়টি তুলে ধরেন। বিএনপি’র প্রার্থী দুই ভাই অধ্যাপক আসলাম চৌধুরী ও ইসহাক কাদের চৌধুরীর মধ্যে ব্যালটে কার নামের পাশে ‘ধানের শীষ’ প্রতীক থাকবে এনিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

শাহরিয়ার চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, আসলাম চৌধুরীর মনোনয়ন রিটার্নিং অফিসার বাতিল ঘোষণার পর নির্বাচন কমিশনে আপিল করা হয়। ৫ ডিসেম্বর নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও পরে তার আবেদন না মঞ্জুর করা হয়। পরে হাইকোর্ট ১৩ ডিসেম্বর প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়ার পর কমিশনের আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে প্রার্থিতা বহাল রাখেন। কিন্তু রিটার্নিং অফিসার এখনো পর্যন্ত কোনো প্রকার চিঠি না দেওয়ায় আমরা এখনো ধূম্রজালের মধ্যে আছি। তাই আমরা প্রচার-প্রচারণায়ও বিভ্রান্তির মধ্যে আছি। এসময় উপস্থিত ছিলেন আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ চৌধুরী ও আসলাম চৌধুরীর আইনজীবী সৌরভসহ অন্যরা।