পলাশে ছয় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩১

নির্দেশনা অমান্য

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও বাজার মনিটরিং করার লক্ষ্যে পলাশ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল, চরসিন্দুর ও গজারিয়া বাজারে ঐ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহিন। এসময় সরকারি আইন অমান্য করায় ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, উপজেলার কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শেরপুরে হোটেল মালিককে জরিমানা

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাউদিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

রাজৈরে আট দোকানিকে জরিমানা

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বুধবার সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে আট দোকানিকে ১ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এ অভিযান চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

লোহাগাড়ায় ছয় দোকানদারকে জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টি করায় লোহাগাড়ায় ছয় দোকানদারকে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।