ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা দেখেন না যুবরাজ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৬

তিনি নিজেও যে সারা জীবন শৃঙ্খলার জন্য খুব প্রশংসিত ছিলেন, তা নয়। মাঝে মাঝে তাকে নিয়েও অভিযোগ উঠেছে। কিন্তু সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন, এখনকার ক্রিকেটাররা অর্থ সামলাতে পারছেন না বলে বেশি বিশৃঙ্খল হয়ে উঠছেন। বিশেষ করে আইপিএলে হঠাত্ করে অনেক অর্থকড়ির মালিক হয়ে গিয়ে তরুণ ক্রিকেটাররা বেসামাল হয়ে যাচ্ছেন বলে তার বিশ্বাস। যুবরাজ নিজে একসময় আইপিএল থেকে প্রচুর টাকা আয় করেছেন।

তিনি বলছিলেন, তার সিনিয়রদের দেখে তিনি শিখেছিলেন, কেমন করে শৃঙ্খল থাকতে হয়, ‘আমার উপলব্ধি, তুমি যখন দলে এসেছিলে, তোমার সিনিয়ররা ছিল খুবই সুশৃঙ্খল, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তাই মনোযোগ নাড়িয়ে দেওয়ার কিছু ছিল না। একটি ধারা ছিল যে সিনিয়রদের দেখে তরুণরা নিজেদের সেভাবেই গড়ে তুলত।’