১৯৭১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অসাধারণ ঘটনার জন্ম দিয়েছিলেন তত্কালীন দুই তরুণ বাঙালি কূটনীতিক-নয়দিল্লির পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কে এম শিহাবুদ্দিন এবং সহকারী প্রেস অ্যাটাশে আমজাদুল হক। তারা তত্কালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে সর্বপ্রথম কূটনীতিকের পদ ছেড়ে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করেন।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কে এম শিহাবুদ্দিনের অসুস্থ স্ত্রীর সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন। এ সময় ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতার প্রতি কে এম শিহাবুদ্দিনের স্ত্রী বুলবুলের অসাধারণ অঙ্গীকারের কথা স্মরণ করেন। কে এম শিহাবুদ্দিন পাঁচ বছর আগে মারা গেছেন এবং আমজাদুল হক বর্তমানে অসুস্থ। ইতিপূর্বে কে এম শিহাবুদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার এবং আমজাদুল হককে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
