নড়াইলে মাশরাফির ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা গতিশীল করতে পল্লিচিকিত্সকদের নিয়ে সভা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৪৯

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজার উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কার্যক্রম গতিশীল করতে পল্লিচিকিত্সকদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে বুধবার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টারে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন, নড়াইল জেলা পল্লিচিকিত্সক সমিতির সভাপতি মো. রফিকুল হাসান, সাধারণ সম্পাদক জনক কুমার দাস, ফাউন্ডেশনের কর্মকর্তা কামরুল আলম প্রমুখ। সভায় নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলার প্রত্যেক গ্রামে ৫ জন পল্লিচিকিত্সক নিয়ে একটি সমন্বয় টিম গঠন করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব গ্রাম্যচিকিত্সককে পিপিই, ওষুধসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। সভা চলাকালে নড়াইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল বাকি এবং সিনিয়র সহ-সভাপতি নিতাই সাহা ১ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ ফাউন্ডেশনের হাতে তুলে দেন।

গত ৫ এপ্রিল থেকে ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে ডা. দ্বীপ বিশ্বাস এবং ডা. স্বপ্না রানী সরকার প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছেন। এই মেডিক্যাল টিম এ পর্যন্ত নড়াইল পৌর এলাকাসহ শাহাবাদ, মাইজপাড়া, তুলারামপুর, নলদী, শালনগর, লাহুড়িয়া, নোয়াগ্রাম, হবখালী ও চন্ডিবরপুর ইউনিয়নের তিন শতাধিক মানুষকে সাধারণ চিকিত্সা সেবা দিয়েছে এবং দুস্থদের ওষুধ প্রদান করেছে।