সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেয়ার প্রাইজের ৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ায় চাল আত্মসাতের চেষ্টায় আওয়ামী লীগের এক নেতাকে জরিমানা করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে ৩৯০ কেজি চাল জব্দ করার ঘটনায় এক জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের ১০ টাকা কেজির (ফেয়ার প্রাইজ) চাল পাচারকালে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এসময় চাল বহনকারী একটি নসিমন থেকে ৬৫ বস্তা চাল (২৭৭০ কেজি) উদ্ধার করা হয়। রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন ব্রহ্মগাছা ইউনিয়নের ওএমএস ডিলার একই ইউনিয়নের হাসিল রঘুনাথপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মোজাফ্ফর আলী, একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে শাহজাহান আলী ও শফিকুল ইসলাম। এরা ডিলারের নিকট থেকে চাল গোপনে ক্রয় করে কোদলাদিগর গ্রামের দিকে যাচ্ছিলেন। ডিলার নূরুল ইসলাম পলাতক।
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়ায় চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য অধিদপ্তরের ডিলার ওয়াজেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ২ নম্বর ঘাটাইল ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত ওএমএস চাল বিক্রির সময় ৩৯০ কেজি চাল স্থানীয় জনতা জব্দ করেছে। গতকাল ঘাটাইল সদর ইউনিয়নের টিলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধ চাল বহনকারী অটোচালক আবু তাহেরকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
