মেট্রো রেলের রুট অ্যালাইনমেন্টের কাজ বন্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:২৯

করোনা সংক্রমণ রোধে ঢাকায় মেট্রো রেলের রুট অ্যালাইনমেন্টের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে অনেক শ্রমিক যাতে একসঙ্গে জড়ো না হয় তার জন্য কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে রুটের ডিজাইন কাজ চলছে। উত্তরায় ডিপোর ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই এ কাজ চলছে বলে জানানো হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে ফার্মগেট থেকে কাওরান বাজার পেরিয়ে শাহবাগ মতিঝিলের দিকে যে যে ভায়াডাক্ট বসানোর কাজ শুরু হয়েছিল তা এখন বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে ডিএমটিসিএল ম্যানেজিং ডিরেক্টর এম এন এ ছিদ্দিক জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মানতে গিয়ে রুট অ্যালাইনমেন্টে কাজ করা যাচ্ছে না। তবে যন্ত্রচালিত কাজগুলো করা হচ্ছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যে কাজগুলো করা সম্ভব সেগুলো করছি। যেমন ডিপোর ভেতরে স্বাস্থবিধি মেনে কাজ করা যায়। রুট অ্যালাইনমেন্টের ভেতর স্বাস্থ্যবিধি মেনে কাজ করা যায় না। এ জন্য সে জায়গাগুলোতে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। যেখানে যন্ত্র কাজ করতে পারে এবং যন্ত্রটা চালানোর জন্য একজন মানুষের প্রয়োজন হয় সেখানে কাজ চলছে।

মেট্রো রেল রুট ৬-এর এক কর্মকর্তা জানান, ইনডোর পর্যায়ে এখন কাজ চলছে। বাইরের কাজগুলো স্তিমিত হয়ে পড়েছে। এর মধ্যে আর্কিটেকচারাল একজন আর্কিটেক্ট কাজ করেন এবং তাকে আরেকজন ইঞ্জিনিয়ার সুপারভাইজ করেন।

এ প্রসঙ্গে মেট্রো রেল এমডি  বলেন, আগে আমাদের ডিজাইন হতো একদিকে আর কাজ চলত আরেক দিকে সমানতালে। এখন ডিজাইনের কাজটি আমরা এগিয়ে নিচ্ছি। তিনি জানান, উত্তরা-কমলাপুর মেট্রো রেল রুটের  মাত্র পাঁচ কর্মকর্তা জাপানে আছেন। বাকি সবাই দেশেই আছেন।

করোনা পরিস্থিতির কারণে মেট্রো রেলের ভায়াডাক্ট অথাত্ পাটাতন বসানোর গার্ডার তোলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পিছিয়ে পড়া কাজ কীভাবে এগিয়ে নেওয়া যাবে সে বিষয় ঠিক করা হবে জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক।