জলবায়ু পরিবর্তনকে অবজ্ঞা করায় প্রকৃতির পাল্টা জবাব করোনা ভাইরাস : পোপ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:৩৩

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, জলবায়ু পরিবর্তনকে অবজ্ঞা করার জন্যই প্রকৃতি করোনা ভাইরাসের মতো মহামারী দিয়েছে। গতকাল বুধবার এক সাক্ষাত্কারে পোপ এই মন্তব্য করেন। খবর সিএনএনের

গতকাল দ্য ট্যাবলেট এবং কমনওয়েলথ ম্যাগাজিন দ্য পোন্টিফকে দেওয়া ই-মেইল সাক্ষাত্কারে পোপ ফ্রান্সিস বলেন, করোনা ভাইরাস বিশ্বে উত্পাদন এবং ভোগের পরিমাণ কমিয়ে দিয়েছে। এটা প্রকৃতিকে বুঝতে শেখাচ্ছে। তিনি বলেন, আমরা আংশিক দুর্যোগকে পাত্তা দিইনি। তিনি এ বিষয়ে অস্ট্রেলিয়ার দাবানল, দেড় বছর আগে উত্তর মেরুতে বরফ গলে যাওয়া এবং বন্যার কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। পোপ বলেন, আমি জানি না যে এটা প্রকৃতির প্রতিশোধ কিনা। তবে প্রকৃতি পাল্টা জবাব দিয়েছে।