আন্তঃ আঞ্চলিক বাণিজ্য : উপায় খুঁজতে সম্মত সার্ক বাণিজ্য কর্মকর্তারা

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:৪৮

নতুন করোনা ভাইরাসের কারণে সার্ক অঞ্চলে বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। এ অবস্থায় সাধারণ বাণিজ্য চ্যানেলগুলো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত আন্তঃ আঞ্চলিক বাণিজ্য বজায় রাখা এবং বাণিজ্য সম্প্র্রসারণে যৌথভাবে নতুন উপায় খুঁজতে এবং সুযোগ চিহ্নিত করতে একমত হয়েছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা। গতকাল বুধবার এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে কর্মকর্তারা এই মত দেন।

পাকিস্তান ছাড়া অন্যান্য দেশের বাণিজ্য কর্মকর্তারা এই কনফারেন্সে অংশ নেন বলে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে কোভিড-১৯ মোকাবিলায় সার্ক দেশের শীর্ষ নেতারা ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই ভিডিও কনফারেন্স হয়েছে।

কনফারেন্সে কর্মকর্তারা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা সাময়িকভাবে দূর করার ওপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তারা কিছু প্রস্তাব দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক বাণিজ্যে কোভিড-১৯-এর মতো স্বাস্থ্যবিষয়ক সমস্যার প্রভাব এবং তা প্রশমিত করার সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা সার্কের জন্য একটি নতুন ক্ষেত্র হিসেবে দেখা দিয়েছে। সার্ক অঞ্চলে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও কনফারেন্সে আলোচনা হয়। অংশগ্রহণকারী দেশগুলো এক্ষেত্রে নিয়মিত যোগাযোগের ওপর জোর দিয়েছে।