করোনায় আক্রান্ত এক ফার্মাসিস্টের গ্রাম ও শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে। গোপালপুর ও মধুপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে এ ব্যবস্থা নেয়।
জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট রেজাউল করিম স্বজনদের সঙ্গে দেখা করার জন্য ৩ এপ্রিল গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামে যান। ওই গ্রামের বাসিন্দা ফজলুল হক জানান, রেজাউল জ্বর ও কাশি নিয়ে গ্রামের মসজিদে নামাজ আদায় করেন। দুদিন বাড়িতে অবস্থানের পর রবিবার মাদারগঞ্জ ফিরে যান।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, অফিসে ফেরার পর গত মঙ্গলবার রেজাউল অসুস্থ বোধ করেন। বুধবার তার নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন বিকালে পাওয়া রিপোর্টে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।
রেজাউলের চাচা আব্দুস সাত্তার জানান, রেজাউল এখন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। এদিকে রেজাউলের করোনায় আক্রান্তের খবর এবং বাড়িতে অবস্থানের খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে গোহাত্রা গ্রামে যান। পরে তিনি পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেন।
আরো পড়ুন : পীরগঞ্জে ন্যায্যমূল্যের ৯০ বস্তা চালসহ আটক ৩
এদিকে করোনায় আক্রান্ত রেজাউলের স্ত্রী ও সন্তানরা গত বুধবার গোহাত্রা থেকে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ি গ্রামে অবস্থান নেন। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, খবর পেয়ে মধুপুর উপজেলা প্রতিরোধ কমিটির সদস্যরা ওই গ্রামে যান এবং গ্রামের ৪০টি বাড়িঘর লকডাউন করেন।
ইত্তেফাক/ইউবি
