‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলর প্রকাশ পেতেই ভারতে রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি যেমন একে প্রচারের হাতিয়ার করেছে, তেমনই ছবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস। এমনকি, সদ্য দখলে আসা মধ্যপ্রদেশে ছবিটি নিষিদ্ধ করা নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে। প্রয়োজনীয় কাটছাঁট না করলে মহারাষ্ট্রে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকা
ছবিতে তথ্য বিকৃত করার অভিযোগ তুলেছেন একাধিক কংগ্রেস নেতা। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ছবিটিকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের হাতিয়ার বলে উল্লেখ করেছেন। মুক্তি পাওয়ার আগে ছবিটি তাদের দেখাতে হবে এবং প্রয়োজনীয় কাটছাঁট করতে হবে বলে দাবি তুলেছেন মহারাষ্ট্র যুব কংগ্রেসের সভাপতি সত্যজিত্ তাম্বে পাটিলও। না হলে প্রদর্শন বন্ধ করে দেওয়ার হুমকিও তুলেছেন। তবে যাকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই মনমোহন সিং এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে তার মতামত চাওয়া হলে, মাইক রেখে দূরে সরে যান তিনি। এড়িয়ে যান সেই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন।
